ভূমিদস্যু
ভূমিদস্যু ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
পরিচয় বা অবস্থান বিবেচনা না করে মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩) ডিএমপি সদর দপ্তরে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম ও সদর দপ্তর) মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরা হয়।
এ সময় অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে অপরাধের কারণ চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
সভায় রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন ধরনের অপরাধ ও অপরাধের প্রবণতা নিয়ে আলোচনা হয়।
অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কমিশনার।
রাজধানীর প্রতিটি থানা এলাকায় আরও দ্রুত ও কার্যকর বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। অপরাধ প্রতিরোধ ও সামাজিক অপরাধ কমাতে এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপরও জোর দেন তিনি।
৭ ঘণ্টা আগে
ফেনীতে ভূমিদস্যুদের হামলায় ভূমি কর্মকর্তাসহ আহত ১০
ফেনীর সোনাগাজীতে ভূমিহীনের জমি দখল বুঝিয়ে দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় ভূমি কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এ ঘটনায় জামশেদ আলম (৪৮) নামে এক ভূমি দস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামশেদ সদর ইউনিয়নের চরখেয়াজ গ্রামের মৃত নূরুল হকের ছেলে।
সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সার্ভেয়ার একে আজাদ খান বাদী হয়ে শুক্রবার পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৬
পুলিশ, এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চরখোয়াজ গ্রামের বাস্তুহারা দিনমজুর জামাল উদ্দিনকে সরকার চরখোয়াজ মৌজার ১১৩৬ নং খতিয়ানের ২৮৫৩ দাগে ২২ শতক নাল জমি বন্দোবস্ত দেন। জামাল উদ্দিন ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে জামশেদ আলমের নেতৃত্বে স্থানীয় ভূমিদস্যুরা বাধা দেন। জামাল উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের নেতৃত্বে ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
জমি পরিমাপ করে লাল নিশানা দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়ার পরপরই একই গ্রামের ভূমিদস্যু জামশেদ আলম, আমির হোসেন, মো. স্বপন, মিজানুর রহমান, কামাল উদ্দিন, জেবল হক, মো. সুমন, মিয়াধন, মো. রিপন ও সাইফ উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন ভূমি দস্যু অতর্কিত হামলা চালায়।
এ সময় ভূমিহীন জামাল উদ্দিন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার একে আজাদ খান, চেইনম্যান মৃত্যুঞ্জয় রায় লিটন, সাইফুল ইসলাম, মো. রাজিব, নূর করিম, আবদুর রহমান, আবদুল কাদের, ইউপি সদস্য মো. আবদুল্লাহ ও মো. সোহাগসহ ১০ জন আহত হন।
শুক্রবার বিকালে অভিযান চালিয়ে পৌর শহরের চৌধুরী লেনের একটি ভাড়া বাসা থেকে জামশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৩ দিন আগে