সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ২ রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার
সিরাজগঞ্জ চর মালশাপাড়ায় অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে র্যাব-১২।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের চর মালশাপাড়া মহল্লার ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের র্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গতকাল (বুধবার) রাতে সিরাজগঞ্জ চর মালশাপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে।
২ দিন আগে
সিরাজগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে টাকা-স্বর্ণালংকার পুড়ে ছাই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রেখা বেগমের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে পজেলার বাশুড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে তার ছেলের বিয়ের জন্য কেনা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় বিয়ের আয়োজনও ভেস্তে গেছে।
স্থানীয়রা জানান, বিধবা রেখা বেগমের স্বামী হারুন অর রশীদ প্রায় ১৩ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে সংসার চালিয়ে আসছিলেন তিনি। এরই মধ্যে ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ে উপলক্ষে আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের কেনাকাটা করা হয়েছিল।
গতকাল (শনিবার) গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে দুটি ঘর, আসবাবপত্র, নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। এতে বিধবা রেখা বেগমের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাড়িতে আগুন লাগার পর পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। পরে থানা পুলিশের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানানো হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে দেরি হওয়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি করেছেন তারা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের সহায়তা কামনা করেছেন তারা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসকে ঘটনাটি জানানোর পর বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
৬ দিন আগে
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত দুই
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০) ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৫)।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিল। দ্রুত গতির অটোরিকশাটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত হন যাত্রী বিষ্ণ হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে খবর আসে চাচা দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ নিয়ে স্বজনরা বাড়ি চলে গেছে।
২২ দিন আগে
সিরাজগঞ্জে নিখোঁজ জুবায়েল ও শংকর মিত্রের সন্ধান চায় তাদের পরিবার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের উদগাড়ি গ্রাম থেকে গত ২৩ আগস্ট সকালে হারিয়ে গেছে স্কুলছাত্র জুবায়েল হোসেন। ওই দিন থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ জুবায়েল উদগাড়ি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। সে উদগাড়ি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জুবায়েলের চাচা মোতালেব হোসেন বলেন, গত ২৩ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি জুবায়েলের সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে আমার মোবাইল নম্বরে ০১৩২৩৬১৫৫৩৫ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছি।
অপরদিকে, গত ২১ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মুকুন্দগাঁতী মহল্লার মৃত গৌর মিত্রের ছেলে শংকর মিত্র (৭৪) টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার নিকরাইল গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। এর দুই দিন পর ২৩ আগস্ট বিকেলে নিকরাইল এলাকা থেকে হারিয়ে যান তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শংকর মিত্রের ভাগ্নে রাজীব চন্দ্র ভৌমিক ভুঞাপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
রাজীব বলেন, কোনো সহৃদয় ব্যক্তি শংকর মিত্রের সন্ধান পেলে দ্রুত আমার মোবাইল নম্বর ০১৭৬৬০২২৩২৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
২৩ দিন আগে
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি মো. গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হলো।
মো. গোলাম মুক্তাদীর রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি গোলাম মুক্তাদীর। গতকাল (রবিবার) বিকেলে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারের আটচালায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠান শেষে চান্দাইকোনা ফিরছিলেন এমপি আইনুল হক। এ সময় ধানগড়া বাজার এলাকায় সন্ত্রাসীরা এমপির গাড়িবহরে হামলা চালায় এবং গাড়িটি ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে আঘাত করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওই গাড়িটির পেছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা এমপি আইনুল হকসহ একাধিক নেতা আহত হন।
সে সময় ওই গাড়িতে থাকা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে ওই হামলার ঘটনা সরাসরি প্রচার করেন।
এদিকে, এমন পরিস্থিতির মধ্যে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়ি চান্দাইকোনায় নিয়ে আসা হয়। পরে এ ঘটনার প্রতিবাদে চান্দাইকোনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। এ নিয়ে রায়গঞ্জের বিভিন্ন স্থানে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধানগড়া ও চান্দাইকোনা বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ওই দিন রাতেই পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ও অনান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শনিবার গভীর রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামিমুল হাসান খন্দকার বাদী হয়ে থানায় উল্লেখিত মামলা করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, চান্দাইকোনায় রায়গঞ্জ ট্রেকনিকাল ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য আনুষ্ঠানিক চিঠি আসার বিষয়টা জানতে পেরে রায়গঞ্জ পৌর এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে পৌরসভা ও চান্দাইকোনাবাসী পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ করেন। বিষয়টি নিরসনের জন্য গত শনিবার পৌর বিএনপির সভাপতির নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয় এবং ওই সভায় এমপিও উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আলোচনার একপর্যায়ে ছাত্র সমন্বয়ক ফয়সাল বিশ্বাস ও ছাত্র সমন্বয়ক তমালের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কমিটি গঠন করার কথা বলে ফয়সাল বিশ্বাসকে এমপির গাড়িতে নিয়ে চলে যাওয়ার সময় ধানগড়ার উত্তেজিত জনগণ এমপির গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় উত্তেজিত জনগণ দুই-চারটি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির পেছনের কাঁচ ভেঙে গেছে বলে উল্লেখ করেন ওসি।
৩৩ দিন আগে
সিরাজগঞ্জে যমুনা নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে নৌযান মালিক-কর্মচারীসহ ৩ উপজেলার ২৭ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ এলাকার ত্রাস হিসেবে খ্যাত ‘সালাম বাহিনী’র বিরুদ্ধে বেলকুচি ক্ষিদ্রচাঁপিয়া এলাকায় মানববন্ধন করা হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ত্রাস হিসেবে খ্যাত সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং সন্ধ্যা নামার পর যমুনা নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সশস্ত্র মহড়া দেয়।
সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সব ধরনের বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। তার দাবিকৃত চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারীদের মারধর করে। এ সালাম বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীরা মানববন্ধন করছি। যমুনায় নৌপথ নিরাপদ করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বেশ কিছু দাবি উত্থাপন করেন।
আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারীর পক্ষে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লাসহ অনেকে। নৌযান মালিক-কর্মচারী ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
৩৬ দিন আগে
সিরাজগঞ্জে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বাবা-ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তি ও তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) গভীর রাতে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ওই গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল (রবিবার) কালিঞ্জা গ্রামের খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা নিয়ে ইলিয়াসের সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন গভীর রাতে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ইলিয়াসের ওপর হামলা করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের পর ওই ব্যক্তি ও তার ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ (সোমবার) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এর আগে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের রাসেল শেখ (৪২) ও সোহেল খানকে (৪০) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৬১ দিন আগে
সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে: বিদ্যুৎমন্ত্রী
সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই সঙ্গে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘সরকারে থাকার অর্থ এই নয় কেউ বড় কিছু হয়ে গেছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁতশিল্পকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে নিহত ও নির্যাতনের শিকার হয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ করে সমাজের নিকৃষ্ট মানুষ। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। আমাদের দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং দিনে ভোট রাতে গণনার ঘটনাও ঘটেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই সরকার গঠিত হয়েছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বলেছিলাম, হাসিনা থাকাকালীন দেশে ফিরব না। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন। আর আমি দেশে ফিরে এসেছি।’
তাঁতশিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তাঁত প্রশিক্ষণ নিয়ে নারীরা স্বাবলম্বী হতে পারেন। এ খাতে ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৬৩ দিন আগে
সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী খুন, ৭ জনের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলায় এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে নিহতের বাবা ফিরোজ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
ওসি জানান, মঙ্গলবার রাতে রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর পশ্চিমপাড় মহল্লায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার তারা সেখের ছেলে টিটোনের সঙ্গে আব্দুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন ধারালো বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে আব্দুর রহমান এবং তার বড় ভাই হাসানের ওপর হামলা চালায়।
এ ঘটনায় দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বড় ভাই হাসান বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৬৩ দিন আগে
যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, তীব্র ভাঙনের কবলে সিরাজগঞ্জের চরাঞ্চল
পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বাড়ছে। কয়েকদিন আগে পানি কিছুটা কমলেও শনিবার সকাল থেকে আবারও বাড়তে শুরু করে। এর সঙ্গে পাল্লা দিয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।
সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েকটি এলাকায়। ইতোমধ্যে কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ও চরগিরিশ, চৌহালীর চর সলিমাবাদ, সিরাজগঞ্জ সদরের পূর্ব বাহুকা ও কাওয়াকোলা চর এবং শাহজাদপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ভাঙনে বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙনের মুখে অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
যদিও সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা এলাকায় ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে চৌহালী ও কাজিপুরের চরাঞ্চলে ভাঙন এখনও অব্যাহত রয়েছে। ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, গত মাসে দুই দফায় চৌহালী ও কাজিপুরে প্রায় ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। তাদের দাবি, পানি উন্নয়ন বোর্ড সময়মতো ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে না পারায় পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া ভাঙন শুরু হওয়ার পরই শুধু জরুরি ব্যবস্থা নেওয়া হয়, যা স্থায়ী সমাধান নয়। ফলে প্রতি বছরই একই ধরনের ভাঙনে বহু পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। স্রোতের তীব্রতা এবং নদীর তলদেশে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
ভাঙন অব্যাহত থাকলেও আপাতত বন্যার আশঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৭৫ দিন আগে