লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন
লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। তার স্ত্রী শেফালি বেগম শেপুর করা মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশনায় তার মরদেহ উত্তোলন করা হয়।
পরাশ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ছিলেন।
শেফালি বেগম বলেন, প্রবাস থেকে এসে বন্ধুকে নিয়ে মাটি খনন যন্ত্র ভেকু মেশিন কিনতে চট্টগ্রাম গিয়ে মারা যান পরাশ। ঘটনার সময় পরাশের কাছে ১০ লাখ টাকা ছিল। তিনি অভিযোগ করেন, পরাশের সঙ্গে থাকা ওই ১০ লাখ টাকা আত্মসাৎ করতে অভিযুক্ত মোহন তাকে হত্যা করেন। পরাশ ও মোহনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা আরমান হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন বলেন, নিহতের মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সেটি পুনরায় দাফন করা হবে।
২ দিন আগে
দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানি সম্পদমন্ত্রী
পানি সম্পদমন্ত্রী মো. শহিদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার। স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, ‘নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন এবং কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতা ছিল। জিয়ার এসব অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন তারেক রহমান।’
শনিবার (৪ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। তাই নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে আগের চেয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই জনগণের পাশে থেকে তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে। সরকার পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। এছাড়া পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং পুলিশ সুপার মো. আবু তারেকসহ সংশ্লিষ্টরা।
৩১ দিন আগে
লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে ২ ইটভাটা শ্রমিক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সুতারগোপ্টা এলাকায় মেসার্স এনবিএসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা দুজনই সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। এতে উভয়ই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় শ্রমিক শরাফত আলী বলেন, হঠাৎ বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান তারা। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখি, তারা বেঁচে নেই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩৩ দিন আগে
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছরের আবর্জনা-বর্জ্য আমাদের পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের (বিভাগের) সঙ্গে সমন্বয় করব। যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। এ কাজগুলো চালু রাখব, তখন সেই সুবিধা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এর মাধ্যমে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। সারা দেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুবিধা পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুন হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি। এখনও সারা বাংলাদেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং জিয়াউর রহমানের যে কর্মসূচি সে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব।
পানিসম্পদ মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেছি। খালে যে পরিমাণ ময়লা-বর্জ্য পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনোভাবেই সরিয়ে না নেই, তাহলে খাল খননের সুবিধা আমরা পাব না। সেজন্য একদিকে খাল খনন অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। যারা অবৈধভাবে দখলদার এবং বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ফেলেন, তারা আরও সতর্ক এবং সজাগ হতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছে, এটি সফল হবে বলে আমরা মনে করছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ আরও অনেকে।
৫৪ দিন আগে
সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ সদস্যসহ ৫ বাংলাদেশি নিহত
সৌদি আরবে ওমরাহ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট ৫ ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্বজনদের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতরা হলেন— মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), দুই মেয়ে মোহনা (১৩), ও সুবাহ। তারা উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তাদের আরও একটি মেয়ে ফাইজা আক্তার (১১) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।
এছাড়া একই দুর্ঘটনায় গাড়িচালক একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুরের আবুল হোসেন পাটোয়ারীর ছেলে হোসেন মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হন।
মিজানুর রহমানের বড় ভাই বাহারুল আলম বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে নিয়ে যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি শুনেছি। মরদেহ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
৭৯ দিন আগে
লক্ষ্মীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের মো. ইমরান (২৩) ও বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়ন ভগবতী গ্রামের মো. সজিব (২৪)। তারা দুজনই হত্যা, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১১টি পিস্তল অ্যামিউনেশন, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪টি খালি কার্টিস, ৪টি এলজি, ২৬টি শট গানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র, ১টি বিপি জব্দ করেছে যৌথবাহিনী।
চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছিলেন তারা।
৯০ দিন আগে
তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ দুই মেয়ে বার্ন ইনস্টিটিউটে
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় তার দগ্ধ দুই মেয়ে বিথী আক্তার (১৩) ও স্মৃতি আক্তারকে (১৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বেলাল হোসেনের সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
আজ (রবিবার) সকালে ওই মেয়ে দুটির ভর্তি হওয়ার কথা নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, লক্ষ্মীপুর থেকে গতকাল (শনিবার) বিথী আক্তারের শরীরে ২ শতাংশ দগ্ধ এবং স্মৃতি আক্তারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় এখানে আনা হয়। তাদের মধ্যে স্মৃতি আক্তারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বীথির শরীরে দগ্ধের পরিমাণ কম থাকায় তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে নিজের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে তার ঘরের দরজায় অজ্ঞাত কেউ তালা মেরে চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তার ৩ মেয়ের মধ্যে ছোট মেয়ে ঘটনাস্থলেই আয়েশা নিহত হয়।
১৩৬ দিন আগে
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগ, শিশুকন্যা নিহত, দ্বগ্ধ আরও ৩
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলালের ঘরে বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার ৭ বছর বয়সী মেয়ে নিহত হয়। একই সঙ্গে বেলালসহ আহত হন তার আরও ২ মেয়ে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল একই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
আগুনে পুড়ে নিহত হওয়া শিশুটির নাম আয়েশা আক্তার। আর দগ্ধরা হলেন— বেলাল হোসেন (৫০) ও তার দুই মেয়ে বীথি আক্তার (১৩) ও স্মৃতি আক্তার (১৮)।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে নিজের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে তার ঘরের দরজায় অজ্ঞাত কেউ তালা মেরে চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তার ৩ মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা নিহত হয়।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাকি ২ মেয়েকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বড় মেয়ে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা বলেন, গভীর রাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১ শিশু নিহত হয়েছে এবং আরও ৩ জন দগ্ধ হয়েছেন। পরিকল্পিতভাবে ওই ঘরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
১৩৭ দিন আগে
লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। এ সময় নিচতলার গোডাউনে থাকা বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসে ঘটে এই ঘটনা। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এ সময় অফিসের দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই সেখানে উপস্থিত লোকজন আগুন নিভিয়ে ফেলে।
জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম মেহেদী হাসান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি সঙ্গে সঙ্গে টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
১৪৪ দিন আগে
লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে মোট পাঁচজনে দাঁড়িয়েছে।
এ ছাড়া এই ঘটনায় আরও অন্তত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ।
উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে মোট পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন— সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), রিপন হোসেন (৩৫) এবং মাজেদ হোসেন (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড় ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানাপুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর বাসের ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের দুজন প্রাণ হারান।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লক্ষ্মীপুরে নিহত ২, আহত ১৫
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘বেপোরায়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’
ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
২৪২ দিন আগে