সচেতনতামূলক কর্মশালা
এমএফএসের অপব্যবহার প্রতিরোধে ৩ জেলায় পুলিশ ও বিকাশের কর্মশালা
মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে নওগাঁ, নাটোর ও দিনাজপুরে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা পুলিশ ও বিকাশ।
অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল আর্থিক সেবার অপব্যবহার ঠেকাতে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই সমন্বিত কর্মশালাগুলোর আয়োজন করা হয়। কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্প্রতি পিবিআই নাটোর ও নওগাঁ জেলা পুলিশের নিজ নিজ সম্মেলনকক্ষে এবং দিনাজপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক পৃথক তিনটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিকাশ।
এই তিনটি কর্মশালায় জেলা পুলিশ ও পিবিআইয়ের ১৪০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। এর আগে দেশের বিভিন্ন জেলায় বিকাশের নিয়মিত এই আয়োজনগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৪ হাজার তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
স্ব স্ব জেলায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী সহসভাপতি ও বহিঃসংযোগ বিভাগের প্রধান মেজর (অব.) এ কে এম মনিরুল করিম।
কর্মশালাগুলোতে প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের হারানো অর্থ অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন পর্যবেক্ষণের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উপায় এবং তদন্তের প্রয়োজনে বিকাশের কর্মকর্তাদের সঙ্গে তদন্ত কর্মকর্তাদের সহজ যোগাযোগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, কোনো অপরাধ সংঘটিত হওয়ার সময় তাৎক্ষণিক কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হয়।
আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনে প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ ও অনুসরণ করা সম্ভব হওয়ায় পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্যক্রম আরও নির্ভুলভাবে পরিচালনা করা যায়।
২০১৭ সাল থেকে বিকাশ দেশের বিভিন্ন তদন্ত কর্মকর্তাদের নিয়ে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে আসছে।
১১ দিন আগে
নালিতাবাড়ীতে মানুষ-বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে এক সচেতনতামূলক কর্মশালা করেছে বনবিভাগ। শনিবার বনবিভাগের মধুটিলা রেঞ্জের মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় বন্যহাতি হত্যা না করতে এবং জনগনকে সচেতন করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
সেইসাথে গহীন অরণ্যে যেখানে হাতির আবাসস্থল, সেখানে বনবিভাগের জায়গা দখল করে সবজির আবাদসহ অন্যান্য চাষাবাদ করতেও নিষেধ করা হয়।
মাত্র ১০ দিনের ব্যবধানে ভারত সীমান্তবর্তী এই অঞ্চলে দুইটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়। এরই প্রেক্ষিতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে বনবিভাগ এ কর্মশালার আয়োজন করে।
আরও পড়ুন: শেরপুরে ৫ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত: সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০
১৬৫৭ দিন আগে