মৃগীরোগ
মৃগী রোগে অচেতন চালক, ভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা
ঝিনাইদহ শহরের কালীচরণপুর এলাকায় মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়া এক ভ্যানচালকের ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকালে ভ্যানচালক কলম সর্দারের (৪০) সঙ্গে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালক বর্তমানে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন জানান, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন কলম সর্দার। শহরে যাওয়ার পথে হঠাৎ তার তীব্র মৃগী রোগের কাঁপুনি শুরু হয়। কিছুক্ষণ পর তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন। এ সুযোগে আশপাশে থাকা কিছু দুর্বৃত্ত তার ভ্যানটি চুরি করে নিয়ে যান।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে আরেকজন ভ্যানচালক কলম সর্দারকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় এনে ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।
কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বেডে নিজের অবস্থান বুঝতে পারেন কলম সর্দার। পরে তিনি জানতে পারেন, যে ভ্যান চালিয়ে তিনি স্ত্রী-সন্তানের ভরণপোষণ করতেন, সেটি চুরি হয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে কলম সর্দার বলেন, আমি গরিব মানুষ। মৃগী রোগের কারণে প্রায়ই শরীর কাঁপতে থাকে। আজও ভ্যান চালানোর সময় হঠাৎ রোগটা বেড়ে যায়, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে শুনছি আমার ভ্যানটা কারা যেন নিয়ে গেছে। এখন আমি কীভাবে বাঁচব, পরিবারকে কী খাওয়াব?
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন ঢালি জানান, আজ (সোমবার) সকালে কলম সর্দারকে হাসপাতালে আনার সময় তার স্বাভাবিক জ্ঞান ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাকে হয়তো অজ্ঞান পার্টির সদস্যরা কোনো চেতনানাশক খাইয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ও রোগীর ইতিহাস জেনে নিশ্চিত হওয়া গেছে, তাকে কোনো চেতনানাশক দেওয়া হয়নি। মূলত তিনি তীব্র মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার সুযোগ নিয়ে কোনো চক্র তার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে।
বর্তমানে কলম সর্দার আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানান এই চিকিৎসক।
১৭ দিন আগে
ইউনাইটেড হসপিটালে আন্তর্জাতিক মৃগীরোগ দিবস পালিত
‘মৃগীরোগীদের ভালোবাসুন’ - এই স্লোগানকে সামনে রেখে ইউনাইটেড হসপিটালের আন্তর্জাতিক মৃগীরোগ দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ইউনাইটেড হসপিটালের নিউরো সাইন্স সেন্টারের চিকিৎসকরা হসপিটালের অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করে।
এই সময় আলোচনা অনুষ্ঠানের পরিচালক ইউনাইটেড হসপিটালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আলিম আখতার ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের লক্ষ্য হল জনসচেতনতা বৃদ্ধি করা, মৃগীরোগ সংক্রান্ত প্রকৃত তথ্য ও সেই সঙ্গে উন্নত চিকিৎসা, যত্ন এবং গবেষণা তহবিলের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা।
আরও পড়ুন: ইউনাইটেড হসপিটালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
তিনি বলেন, মৃগীরোগ মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের একটি রোগ। এটি প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য। দ্রুত শনাক্ত হলে, চিকিৎসকের পরামর্শ মতো চললে বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি ওষুধে নিরাময় হয়। তবে পরিবারের ভালোবাসা এবং সামাজিক সহযোগিতা পেলে মৃগীরোগ নিরাময় আরও সহজতর হবে।
এছাড়া মৃগীরোগ নিয়ে নানান ধরনের কুসংস্কার সমাজে প্রচলিত আছে। তাই এ রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হসপিটালের অ্যানেস্থেসিওলজির চেয়ারম্যান ও সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. নাজমুল আহসান (অব.) । নিউরোলজি প্রফেসর বিশেষজ্ঞ ডা.নূর-ই-জেবিন, নিউরোলজির সিনিয়র কনসালটেন্ট ডা. শাহরুখ আহমেদ, নিউরোসার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ সাঈদ আহমেদ, পেডিয়াট্রিক নিউরোলজির কনসালটেন্ট ডা. নাজমুল হকপ্রমুখ।
১৫৭১ দিন আগে