আন্তর্জাতিক শ্রম সম্মেলন
আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক শ্রম কূটনীতিতে বাংলাদেশ নতুন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।
সোমবার (১ জুন) জেনেভায় শুরু হওয়া আইএলওর বার্ষিক এ সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নাহিদা সোবহানের পাশাপাশি আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনেজ এবং যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান।
এ বিষয়ে আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সর্বসম্মত সমর্থনে নাহিদা সোবহানের এ নির্বাচিত হওয়াকে বৈশ্বিক শ্রম ব্যবস্থাপনায় বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার, শ্রমিক অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ন বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও সমর্থনেরও প্রতিফলন ঘটেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতি জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা এই নির্বাচনের মাধ্যমে আরও সুদৃঢ়ভাবে স্বীকৃতি পেয়েছে।
সম্মেলনের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার, কর্মসংস্থান এবং শ্রম খাতসংক্রান্ত বিভিন্ন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আইএলওর সদস্য রাষ্ট্র ও অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।
আইএলওর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে সর্বোচ্চ ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। ‘বিশ্বের শ্রম সংসদ’ হিসেবে পরিচিত এ সম্মেলনে প্রতিবছর বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
এ বছরের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। যেকোন মূল্যে কর্মক্ষেত্রে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।সোমবার সন্ধ্যায় জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের এর ১১০তম অধিবেশনের প্ল্যানারি সেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার সফলতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত শতভাগ শ্রমিককে করোনা ভ্যাকসিন দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ আইএলও’তে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় সময়াবদ্ধ রোডম্যাপ উপস্থাপন করেছে।গত মার্চে আইএলও এর গভর্নিং বডির সভায় রোডম্যাপ বাস্তবায়নের দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: শ্রমিকদের সুরক্ষায় ১৮.৬৬ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী
বক্তব্যে তিনি শিশুশ্রম নিরসন এবং কাজে যোগদানে ন্যুনতম বয়স নির্ধারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।দেশের শ্রমজীবী মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি আলোকপাত করে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে শ্রমিকের অধিকার সুরক্ষা, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সরকার মালিক-শ্রমিকের ত্রিপক্ষীয় প্রচেষ্টাসমূহ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।শ্রম প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আইএলও এর নতুন মহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়
১৪৫৬ দিন আগে