মোটরসাইকেল
৩ মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
এর আগে গতকাল (বুধবার) রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা এলাকা থেকে তিনজন এবং শিবগঞ্জ উপজেলা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম, দাদনচক এলাকার সোহেল রানা, আসিফ, তারাপুর-মুন্নাপাড়ার মোহাম্মদ আলী, শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা ও কয়লাদিয়াড় গ্রামের আশিক।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল বুধবার রাতে রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আব্দুস সালাম, সোহেল রানা ও আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরির পর জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করেন। কোনো কোনো ক্ষেত্রে মোটরসাইকেল বিক্রি করতে না পারলে এর পার্টস খুলে বিক্রি করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
২ দিন আগে
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আফরিন ইভা (৩৪) ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী। তিনি ভালুকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইভা তার স্বামীর মোটরসাইকেলে করে ভালুকা থেকে ময়মনসিংহ সদরের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে ময়মনসিংহ শহরে ঘোরাঘুরির পর তারা ভালুকায় ফিরছিলেন। পথে স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে ইভা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, সড়কের স্পিড ব্রেকারে সাদা রঙের কোনো চিহ্ন ছিল না। এ কারণে সেটি দেখতে না পেয়ে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে ইভা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। তবে তার স্বামী মেহেদী হাসানের কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ দিন আগে
রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্দা গ্রামের লালমন রায়ের ছেলে সূর্য রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর গ্রামের পদা রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সূর্য ও গাড্ডু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সূর্য মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং গাড্ডু পেছনে বসেছিলেন।
দুপুর ২টার দিকে তারা ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
২৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট ) ভোর ও দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর ও কানসাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫) এবং একই উপজেলার শেখটোলা এলাকার এরফান আলীর ছেলে আসাদ (১৯) ও জাফর আলীর ছেলে জাবের আলী (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, হাবিবুর রহমান ও আবুল হায়াত কানসাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বালিয়াদিঘিতে ফিরছিলেন। পথে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। পরে পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কানসাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী আরও দুই যুবক নিহত হন।
শিবগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবগঞ্জ থেকে কানসাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী আসাদ নিহত হন। এত অপর মোটরসাইকেলআরোহী জাবের আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক এখনও পলাতক রয়েছেন।
৩২ দিন আগে
যশোরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
যশোরের শার্শা উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ ইসলাম (৩৫) ও উষা রহমান (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে এবং উষা রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (সোমবার) সকাল ৯টার দিকে তিন যুবক মোটরসাইকেলে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তারা রুদ্রপুর-গোগাগামী সড়কের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা। গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, স্থানীয় জনতা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
৬১ দিন আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী মা-ছেলে নিহত
দিনাজপুরের বীরগঞ্জে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার ৩ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক গৃহকর্তা নাজমুল হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে নাস আব্দুল্লাহ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) ভোরে স্ত্রী ও সন্তানকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিয়ে যেতে কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন নাজমুল হোসেন।
পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর মোড়ে মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয় একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান। এ সময় ফাহিমা আক্তার ও তার ছেলে রাস্তায় ছিটকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
ওসি আরও জানান, মোটরসাইকেলচালক নাজমুল হোসেন দূরে ছিটকে পড়ায় আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৭৪ দিন আগে
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী ২ বন্ধু নিহত
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে তারা এ সড়ক দুর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার হোসেন চাকরি করতেন।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার হোসেন দুটি মোটরসাইকেলে চড়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন। তারা সেখানে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ ওসি।
৭৮ দিন আগে
উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উত্তরার পূর্ব থানার আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর সেক্টরে পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জাহাঙ্গীর জানান, আজ (সোমবার) সকালে আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। সে সময় অসাবধানতাবশত একটি দ্রুতগামী মোটরসাইকেল হঠাৎ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সোয়া ১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
৯৬ দিন আগে
কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে ছিলেন।
আহতরা হলেন— উপজেলার কৈপাল এলাকার শুভ হোসেন (৩৫) ও হুমায়ুন কবির (২১)। তাদের মধ্যে শুভ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অপর আহত হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে মাঠপাড়া এলাকায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
৯৭ দিন আগে
ফেনীতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ছাগলনাইয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়ে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জের চৌধুরী পাড়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন জিসান (২৩) ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ীর বাসিন্দা আবু তৈয়বের ছেলে ছিলেন। জিহানুল ইসলাম শাওন (২০) ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ীর কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে। তিনি ফেনী হোমপ্লাস সুপার সপের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
শাওনের আত্মীয় সাংবাদিক এম এমরান পাটোয়ারী জানান, শাওনসহ তাদের কয়েকজন বন্ধু গতকাল (বুধবার) রাতে গুলিয়াখালী সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাত্রিযাপন শেষে আজ (বৃহস্পতিবার) সকালে তার বন্ধুরা মিলে ফেনীর উদ্দেশে রওনা দেন।
তিনি বলেন, ‘শাওন ও জিসান একই মোটরসাইকেল ছিলেন। মোটরসাইকেলটিকে একটি ড্রাম্প ট্রাক চাপা দিলে জিসান ঘটনাস্থলেই নিহত হয়। আর আমার মামাতো ভাই শাওন চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।’
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন। গুরুতর আহত আবস্থায় শাওনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
১০৭ দিন আগে