আসিফ মাহমুদ
মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি শ্রমিকদের ৮ লাখ টাকা খরচ অন্যায্য: আসিফ মাহমুদ
মালয়েশিয়ায় কাজ করতে যেতে বাংলাদেশি শ্রমিকদের প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হওয়াকে কোনোভাবেই ন্যায্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রবাসী শ্রমবাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন।
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অন্যান্য দেশের কর্মীদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রায় ৮ লাখ টাকা খরচ করে একজন কর্মীকে বিদেশে যেতে হলে সেটি কোনোভাবেই ন্যায্য বা সমান সুযোগের পরিস্থিতি হতে পারে না।
প্রবাসী শ্রমবাজারের অনিয়মের পাশাপাশি বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা।
তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকায় নেমে এসেছিল। এখন একই টিকিটের দাম সিন্ডিকেটের কারণে ৬০ থেকে ৭০ হাজার টাকা, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
দেশের বিভিন্ন খাতে নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি সক্রিয় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।’
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বাধীনতা ও ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন এনসিপির এই মুখপাত্র।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সবার সঙ্গে সম্পর্ক রাখার দরজা খোলা রাখা উচিত। তবে কোনো বাণিজ্যিক বা সামরিক চুক্তিতে যাওয়ার ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আসিফ মাহমুদ বলেন, কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পররাষ্ট্রনীতি সেভাবেই পরিচালনা করা প্রয়োজন।
দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত দাম ও বিভিন্ন ধরনের বিল পরিশোধ করার পরও নাগরিকেরা পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে দেশের পরিস্থিতি আবার সংকটাপন্ন হয়ে উঠছে।
এ সময় তিনি গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদের কথাও জানান তিনি।
১১ দলীয় জোট ঘোষিত লংমার্চ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। বিরোধী দলের গণতান্ত্রিক শক্তি মূলত তাদের প্রতিবাদ করার সক্ষমতার ওপর নির্ভর করে।
লংমার্চের মাধ্যমে জনগণের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি শুধু সংস্কারের প্রতিশ্রুতির অংশ নয়, বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধেও একটি প্রতিবাদ।’
ওমরাহ পালন শেষে দেশে ফিরে দেশবাসী, সহযোদ্ধা, প্রবাসী বাংলাদেশি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এনসিপির মুখপাত্র।
৪ দিন আগে
রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে আগামী ৫ আগস্টেই জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ
রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে সরকার আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীভ ভুঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল। তারা তাদের মত করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে আগামী ৫ আগস্ট যদি ঘোষণাপত্র দেওয়া যায়। তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।
পড়ুন: শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেয় ১১ জুলাই: উপদেষ্টা আসিফ মাহমুদ
এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।
৪২০ দিন আগে
সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে: আসিফ মাহমুদ
দীর্ঘসূত্রতা ও অনিয়ম—এসব বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার (২৭ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: এমন গণহত্যার পর আ. লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: আসিফ মাহমুদ
উপদেষ্টা বলেন, ‘পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রতা-অনিয়ম—এসব বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই আন্দোলন শুরু হওয়ার পরপরই যারা দায়িত্বে আছেন, তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছি। গত সোমবার আন্দোলনকারীদের একটা টিমের সাথে বসার কথা থাকলেও দুঃখজনকভাবে সেটা হয়ে উঠেনি। তবে ছাত্রদের দাবিগুলো আমার পক্ষ থেকে কনসার্ন অথরিটিকে পাঠানো হয়েছে।’
‘বেকারত্ব নিরসনে এখন পর্যন্ত একক মন্ত্রণালয় হিসেবে পুলিশের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি গিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান। সামনের কয়েকমাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগ হবে। পিএসসির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অথবা ডিক্টেট করার অথরিটি আমার নেই। আমার দিক থেকে যতটা সম্ভব করছি, সামনেও করে যাব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘যত কাজই থাকুক না কেন, ছাত্রদের বিষয়গুলো সবসময়ই আমার জন্য প্রথম প্রায়োরিটি থাকে। কুয়েটেও আন্দোলন চরম পর্যায়ে আসার প্রায় ১০ দিন আগেই কুয়েটের একটা প্রতিনিধি দল বাসায় এসেছিল। তাদের দাবি, স্মারকলিপি পরদিনই শিক্ষা উপদেষ্টার হাতে নিজে গিয়ে পৌঁছে দিয়েছি। নিয়মিত আপডেট রেখেছি, দাবি মেনে নেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করেছি। ফেসবুকে না বললেই যে কাজ হচ্ছে না, এটা ধরে নেওয়া উচিত না।’
উপদেষ্টা বলেন, ‘টিএসসিতে আন্দোলনরত প্রায় অনেকেই আমার পরিচিত। রাত ৪ বা ৫ টায় সেখানে যাওয়া কতটা শোভন হবে তা ভেবে যাইনি। এছাড়াও শহীদ জসিম ভাইয়ের মেয়ের আত্মহত্যার ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলে গিয়েছিলাম পরিবারের সাথে দেখা করতে। ভোর ৫টায় তেমন কাউকে না পেয়ে ফেরত এসেছি। তবে এই ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের জামিনের খবরটি সঠিক নয়। এই কালপ্রিটদের সিআইডিতে রাখা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইন মন্ত্রণালয় কাজ করবে।’
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে: আসিফ মাহমুদ
তিনি আরও বলেন, ‘অফিস শেষেই রাজুতে অনশনরত ভাইদের সাথে দেখা করতে যাবো। এটা মনে রাখতে হবে যে, পিএসসি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আপনাদের দাবিগুলো ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে। আবারও এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো।’
৪৯৫ দিন আগে
নতুন দলসহ সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে, আশা উপদেষ্টা আসিফের
আজ (শুক্রবার) বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে চলেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। তবে শুধু নতুন এই দলটি নয়, দেশের সব দলেই জনকল্যাণমুখী হবে—এমন আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রাম আকুবপুরে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
উপদেষ্টা আসিফ বলেন, ‘আমি দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই, কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এই সরকারের দেশকে গণতান্ত্রিক ধারায় রূপান্তরের যে দায়িত্বটা রয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে আমার প্রত্যাশা থাকবে, শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।’
আকুবপুর হাজী ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে ‘আকুবপুর ইউনিয়নবাসীর’ ব্যানারে এই সভার আয়োজন করা হয়। ‘উপজেলার সার্বিক পরিকল্পনা বিষয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আরও পড়ুন: ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’
এ সময় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।’
এর আগে, উপদেষ্টা আসিফ মাহমুদ উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর ও আকুবপুর ইউনিয়নের আমতলী এলাকায় দুটি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। এছাড়া বাঙ্গরা বাজার থানা পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৫৫৩ দিন আগে
এমন গণহত্যার পর আ. লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: আসিফ মাহমুদ
জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, সে জন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়; নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে: আসিফ মাহমুদ উপদেষ্টা বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরন করে) আওয়ামীলীগকে আদর্শিক ও রাজনৈতিক ভাবে নির্মূল করতে হবে।’
৫৬২ দিন আগে
ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আন্দোলনের সময় বিভিন্ন দেশের মিশনে আওয়ামী স্বৈরাচারের দোসরা প্রবাসীদের সেবা না দিয়ে হেনস্তা করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবস-২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, ‘বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতা প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে এটাই আমার আহ্বান।’
আরও পড়ুন: কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
তিনি বলেন, ‘যারা জেল-জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা। দেশে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছন্ন ছিল, আমরা কেউই আন্দোলন করতে পারছিলাম না। এদিকে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে তারা দেশের পরিস্থিতি তুলে ধরেছেন।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের দাবি। আমরা চাই প্রবাসীরা যেন ভোটাধিকার পায়। এজন্য সরকার কাজ করবে।’
আরও পড়ুন: গণঅভ্যুত্থানই অন্তর্বর্তী সরকারের বৈধতা: উপদেষ্টা আসিফ মাহমুদ
৬২৫ দিন আগে
কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘ভৌগোলিক বিবেচনায় কুমিল্লা বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা করা হবে।’
শনিবার (৩০ নভেম্বর) বিকালে জেলার মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুরাদনগরবাসী স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই সংবর্ধনা দেয়।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানই অন্তর্বর্তী সরকারের বৈধতা: উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ বলেন, দেশ স্বাধীন হয়েছে। তবে দেশকে সুন্দর করে সাজাতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।
ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন মাস্টার, মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কাজী জুন্নুন বশরীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামীর নেতা এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
এর আগে দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
আরও পড়ুন: যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিসিবির অভিনন্দন
৬৪৩ দিন আগে
গণঅভ্যুত্থানই অন্তর্বর্তী সরকারের বৈধতা: উপদেষ্টা আসিফ মাহমুদ
গণঅভ্যুত্থানই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত একটি সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘এই সরকারের বৈধতা এসেছে গণঅভ্যুত্থান থেকে। যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম।’
আরও পড়ুন: নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও তিনজন
সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ হচ্ছে, একইসঙ্গে সংস্কার কাজ কতদূর এগোলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আগেই এই সরকারের বৈধতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে, তার মাধ্যমে আরও লিগ্যাল রেটিফিকেশন হবে।’
‘গত তিন মাসে আমাদের কর্মকাণ্ডের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা নিয়মিত বৈঠক করছেন এবং রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেক হোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা ইতোমধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ যেটার কথা আমরা মুখে বলছি, সেটার বাস্তবায়ন সম্ভব হবে।’
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে বসে তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করছেন। শ্রমিকদের উস্কানি দিতে শনিবার তাদের পেজে কয়েকটি পোস্ট করা হয়, যা তার নজর এড়ায়নি।
এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এসব বিষয়ে আপনাদের একটা ভূমিকা থাকা উচিত। আমরাও কাজ করছি।’
‘(আওয়ামী লীগের) এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আজকের আওয়ামী লীগের আহ্বানে এত বড় একটা কর্মসূচিতে শ্রমিকেরা মিছিল নিয়ে আসত। কেউ তো আসেনি।’
আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ নিচ্ছেন আরও ৫ জন
৬৬৩ দিন আগে
যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিসিবির অভিনন্দন
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার অভিনন্দন বার্তায় বিসিবি বলেছে, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, 'বৈষম্যবিরোধী ছাত্র' আন্দোলনের জাতীয় সমন্বয়কারী ভূঁইয়া খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ ও অঙ্গীকারসহ নতুন দায়িত্বে দূরদৃষ্টি ও অনুকরণীয় নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
বাংলাদেশের খেলাধুলার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। বিসিবি তার প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করে। বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছে বিসিবি।
আরও পড়ুন: মুশতাকের দীর্ঘমেয়াদি স্পিন বোলিং কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
৭৫৬ দিন আগে