ডিপি ওয়ার্ল্ড
দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না সরকার: চট্টগ্রাম বন্দরের ইজারা নিয়ে উপদেষ্টা
দেশের জন্য অনুকূল না হলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনও চুক্তি হয়নি জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, যদি আমাদের জন্য অনুকূল হয় তবে চুক্তি হবে, অনুকূল না হলে হবে না। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এ সরকার করবে না।
এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছে চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা। কর্মচারীদের কর্ম বিরতিতে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘বন্দরে অচলাবস্থা তৈরি করছে কিছু সংখ্যক বা বহু সংখ্যক বন্দরেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। এই অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুল কে দেবে আমি জানি না। নির্বাচনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি। জনগণ দেখছে, আমি এটার ওপরে কিছুই বলতে চাচ্ছি না।’
৩ ঘণ্টা আগে
ডিপি ওয়ার্ল্ড ও আবুধাবি পোর্টস বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি বলেছেন, বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি পোর্টস চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আরেক শীর্ষ প্রতিষ্ঠান মাসদার ইন্দোনেশিয়ায় যেমন প্রকল্প বাস্তবায়ন করেছে, তেমনি বাংলাদেশেও ভাসমান সৌর প্রকল্পসহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-রাশিয়া ও আরব আমিরাতের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের লজিস্টিকস, বন্দর, এভিয়েশন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে প্রস্তুত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস বলেছেন, তার সরকার ইতোমধ্যেই ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে এবং আমিরাতের আরও বিনিয়োগ এবং আরও বেশি আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করলে খুশি হবে।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আদালতে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি চমৎকার আচরণ ছিল। পুরো জাতি খুব খুশি হয়েছে।’
তিনি প্রায় ১০ লাখ বাংলাদেশি অভিবাসীকে আশ্রয় দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আল-হামৌদি 'দেশের জটিল সময়ে' বাংলাদেশের প্রতি তার সরকারের সমর্থন ব্যক্ত করে বলেন, সংযুক্ত আরব আমিরাত অন্তর্বর্তীকালীন সরকার এবং এর ব্যবসাবান্ধব নীতি ও সংস্কার এজেন্ডার পাশে থাকবে।
আরও পড়ুন: রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী
৪৬১ দিন আগে