টঙ্গী
টঙ্গীর সেই মাদরাসা শিক্ষক কারাগারে
গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত এ আদেশ দেন।
অভিযুক্ত মো. মোসলেম আহমদ টঙ্গীর ক্বরীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল।
আদালত সূত্রে জানা যায়, সাত বছর বয়সী শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর বিচারকের কাছে গত বৃহস্পতিবার বিকেলে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
এর আগে ১৯ অক্টোবর টঙ্গীতে মাদরাসাটির নিচতলার সিঁড়িতে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে পরিবার।
অভিযোগে বলা হয়, শিশুটির মধ্যে হঠাৎ মাদরাসায় যেতে অনীহা দেখা যায়। কারণ জানতে চাইলে একপর্যায়ে সে মা-বাবাকে ঘটনার কথা জানায়। এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জেরা করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৯ দিন আগে
টঙ্গীতে ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি বলেন, টঙ্গীর চেরাগ আলী এলাকায় সকাল ৬টার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটের জরুরি বিভাগে এসেছে।
ডা. সুলতান আরও জানান, দগ্ধদের মধ্যে লাল চাঁনের (৬৫) শরীরের ৯৫ শতাংশ, নাসিমার (৫০) শরীরের ৮৫ শতাংশ ও তানিশার (১৬) শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
১৩ দিন আগে
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কারখানার কাছে সাংবাদিকদের বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কাজ করার সময় এক ফায়ারফাইটার শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
মহাপরিচালক বলেন, কারখানার ভেতরে এখনও কিছু বিচ্ছিন্ন আগুন রয়েছে। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
কারখানার চারতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
কারখানার ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় জানিয়ে মহাপরিচালক জুনাইদ বলেন, আগুন লাগা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এদিন সকাল সোয়া ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট পাঠায়।
টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, মিরপুর, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ২১টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন নেভানোর কাজে সহায়তা করতে পানি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) এ কার্যক্রমে যোগ দেয়।
আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা ওষুধ, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।
২০ দিন আগে
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটের দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুন লাগে।
এরপর সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং আগুন নেভাতে ইউনিট পাঠায়।
টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, মিরপুর, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
২০ দিন আগে
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ২৮
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পৃথক অভিযানে মোট ২৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) টঙ্গীর বিভিন্ন স্থানে মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে ডিবি পুলিশ অভিযানে গেলে ১০-১২ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডিবি দক্ষিণের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।
এছাড়া, টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় অপর এক অভিযানে আরও ২১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮৮ দিন আগে
গাজীপুরে বস্তিতে বিশেষ অভিযান, আটক ৫৪
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মোট ৫৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ফয়েল পেপার, দেয়াশলাইট, ইয়াবা, একটি চাপাতি, দুইটি চাকু ও নেশা করার সরঞ্জামাদির পাশাপাশি বেশ কিছু ভোটার আইডি কার্ডও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে পুলিশকে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (তদন্ত)।
অভিযান সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
২৩৩ দিন আগে
টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ অধিদপ্তরের এক তৃতীয় শ্রেণির কর্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) ভোরে টঙ্গী পূর্ব থানার গাজী বাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত লিখন আক্তার (২৫) শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম লিখন আক্তার ওই ভবনের ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়, যা বাইরে থেকে বন্ধ করা ছিল।
আরও পড়ুন: পালানোর সময় বেনাপোল থেকে গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা
টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশের প্রাথমিক ধারণা, লিখন আক্তারকে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন ক্লু সংগ্রহ করছি। দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৫৩৩ দিন আগে
‘আগামী বছর টঙ্গীতে নয়’ শর্তে এবার ইজতেমার অনুমতি মিলল সাদপন্থিদের
আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা’দের অনুসারী)-এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলীগি কার্যক্রম করতে পারবেন না শর্তে এ বছর ইজতেমার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সা’দপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
আরও পড়ুন: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা’দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষেই কেবল এ বছর (১৪-১৬ ফেব্রুয়ারি) ইজতেমা করতে পারবেন।
৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।
এর আগে, রবিবার (২ ফেব্রুয়ারি) তুরাগ নদীর তীরে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৮তম বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পাকিস্তানের মাওলানা মাওলা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় সাদা পোশাকে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা: দ্বিতীয় দিনে আরও মুসল্লির আগমন, ৩ জনের মৃত্যু
তাবলিগ জামাতের শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার তিন দিনে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।
আগামীকাল (বুধবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা।
৬৩৭ দিন আগে
গাজীপুরের টঙ্গীতে বেইলি সেতু ভেঙে নদীতে ট্রাক
গাজীপুরের টঙ্গীতে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক পড়ে গেছে তুরাগ নদীতে। এ কারণে বিকল্প পথে চলছে গাজীপুরগামী যানবাহন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এন এম নাসির উদ্দিন জানান, শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী লেইনের বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক পড়ে যায়। এতে বেইলি সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই লোকাল গাড়িগুলো কামারপাড়া হয়ে বিকল্প পথে চলাচল করছে। আর নতুনভাবে তুরাগের উপর নির্মিত সেতুর উপর দিয়ে অন্য লেইনের যানবাহন চলাচল পুরাপুরি স্বাভাবিক আছে। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এবিষয়ে ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল
বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি সেতু আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী সেতু এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এবিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঢাকা-গাজীপুর পথে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন, যাত্রীদের উচ্ছ্বাস
৬৮৩ দিন আগে
টঙ্গীর ইজতেমা ময়দান দখল করা হবে: মুফতি আমানুল
মুফতি আমানুল হক বলেছেন, আজ সন্ধ্যার মধ্যে সাদপন্থিরা মাঠ না ছাড়লে বৃহস্পতিবার লংমার্চ করে টঙ্গীর ইজতেমা ময়দান দখল করা হবে। হত্যা মামলা করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায়, তাবলিগ জামাত বাংলাদেশের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'সরকারের কাছে তাদের সর্বোচ্চ পর্যায়ের বিচারের দাবি জানাই। অন্তবর্তী সরকার নিয়ে চক্রান্ত করছে সাদপন্থিরা। কেয়ামত পর্যন্ত সাদপন্থিদের আর কাকরাইল মসজিদে আসতে দেওয়া হবে না। এখন বাংলাদেশে একটাই ইজতেমা হবে।
আমানুল বলেন, 'সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, দুই পক্ষ মুখোমুখি হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সংঘর্ষ রোধে সরকারের অনুরোধকে সম্মান জানিয়ে মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শুরায়ে পন্থিদের একজন আহত আবুল কালাম আজাদ বলেন, 'ঘুমন্ত অবস্থায় আমাদের ওপর আঘাত করে সাদপন্থিরা। আমরা ইজতেমার কাজ করছিলাম। আমাদের সাথিরাও পরিচ্ছন্নতার কাজ করে বেশিরভাগ ঘুমিয়ে ছিল। তারা এসে এলোপাথাড়ি আঘাত করে আমাদের ওপর।'
আরও পড়ুন: ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজকের মধ্যে গ্রেপ্তারের দাবি’
মো. নজরুল ইসলাম নামে আরেকজন আহত বলেন, 'আমাদের ৫০-৬০ জন পাহারায় ছিল। তাদের ওপর অতর্কিত হামলা করে সাদপন্থিরা। ভেতরে ঢুকে সব কিছু ভেঙে তারা আমাদের ঘুমন্ত সাথীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমার গাল কেটে গেছে। হাত পায়ে মেরেছে। ফুলে গেছে। আমার পায়ে মেরেছে। পরে আমি অন্য গেট দিয়ে পালিয়ে গেছি।'
নূর আলম বলেন 'এভাবে ভয়াবহ মাইর আমার জীবনে খাইনি। আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। মাথায় মেরেছে আমার। এখনো রক্ত পড়ছে। আমরা এদের বিচার চাই। সরকারের কাছে আবেদন আমরা এদের ফাঁসি চাই।'
৬৮৫ দিন আগে