শেরপুর-২
৩টি আসনের ফলাফল স্থগিত রাখল নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব আসনের মধ্যে ৩টি আসনের ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন তিনটি হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ বিষয়টি জানা গেছে।
ইসি জানায়, এই তিনটি আসনে প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা যাবে না।
প্রসঙ্গত, নির্বাচনের কিছুদিন আগে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন আগেই স্থগিত হয়েছিল।
এছাড়া চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনের চূড়ান্ত ফলাফলও মামলার আদেশের ওপর নির্ভরশীল।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে লড়ছেন মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৪৬ জন (রাজনৈতিক দলের ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ছিল ৮৩ জন (রাজনৈতিক দলের ৬৩, স্বতন্ত্র ২০)।
দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
৪ ঘণ্টা আগে