উপ-আনুষ্ঠানিক শিক্ষা
শতভাগ স্বাক্ষরতা অর্জনে সময়সীমা নির্ধারণ করে কর্মসূচি নেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
শতভাগ স্বাক্ষরতা অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কর্মসূচি গ্রহণের তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষার মূল কাজ কেবল স্বাক্ষরতা দান করা নয়, এর পরিধি আরও বিস্তৃত। স্থানীয় কমিউনিটি, পথশিশু এবং বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত কিশোরদেরও উপ-আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে।
বুধবার (৪ মার্চ) ঢাকায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান কার্যালয়ে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাক্ষরতার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এজন্য চলমান প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ ব্যুরো ও মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যুরোর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে জানানো হয়।
উল্লেখ্য, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য হলো শিক্ষা ও দক্ষতার সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
১ দিন আগে