মো. শরীফুল আলম
পাটশিল্পের উন্নতি কর্মসংস্থান বাড়াবে: পাট প্রতিমন্ত্রী
বন্ধ পাটকলগুলো চালু করে পাটশিল্পের উন্নয়ন ঘটালে কর্মসংস্থান বাড়বে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পাট প্রতিমন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থান বাড়াতে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইজারা প্রক্রিয়ার মাধ্যমে এসব পাটকল চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি জানান, ইতোমধ্যে ইজারায় দেওয়া নয়টি পাটকলে প্রায় ৭ হাজার ২০০ জন কাজ করছেন, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
মো. শরীফুল আলম বলেন, কাঁচাপাট রপ্তানি তুলনামূলকভাবে অলাভজনক হওয়ায় সরকার প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য কর ছাড় সুবিধাও দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পাটের সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতি গভীরভাবে জড়িত। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।
সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে পাটখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় পাট দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ মার্চ থেকে নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে