প্রোটেস্ট্যান্ট চার্চ
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
একটি সুখী, সমৃদ্ধ ও ভালো বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৫ এপ্রিল) পবিত্র ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আসুন দেশটাকে গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষ, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাইকে নিয়ে সুখী, সমৃদ্ধ একটা ভালো বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে—এই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।
নিজের সরকারের অবস্থান ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সবাইকে ভালোবাসি একরমভাবে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশটা সবার।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। একটা কথা প্রচলিত ছিল যে, অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে। বিএনপিকে সব ধরনের মানুষ ভোট দিয়ে জয়ী করেছে।
পূর্ববর্তী সরকারের আমলের দেশের অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে, তখন দেশের ভঙ্গুর দশা ছিল। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগখাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টরে যে অবস্থা বিরাজ করছিল মনে হয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।
এ সময় তিনি মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি মোকাবিলায় সরকারের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
৫ ঘণ্টা আগে