নির্মাণ খাত
শ্রীলঙ্কায় নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১০ হাজার কর্মী প্রশিক্ষণের উদ্যোগ
শ্রীলঙ্কায় নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় দেশটির সেনাবাহিনীর মাধ্যমে ১০ হাজার নির্মাণ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার একটি কর্মসূচি শুরু করেছে সেখানকার সরকার। দেশীয় জনশক্তি তৈরির মাধ্যমে এই খাতে স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) দেশটির গৃহায়ণ, নির্মাণ ও পানি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, শ্রীলঙ্কায় নির্মাণ শিল্পে বর্তমানে প্রায় ৭ হাজার ৫০০টি শূন্য পদ রয়েছে। এ সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা সরকার প্রথমদিকে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি ভেবেছিল। পরে দেশীয় কর্মী তৈরি করেই এই চাহিদা পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই উদ্যোগকে সফল করতে নির্মাণ কোম্পানিগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে, যাতে নির্মাণ খাতের প্রয়োজনের সঙ্গে এই প্রশিক্ষণ কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ হয়। পাশাপাশি, কর্তৃপক্ষ নির্মাণ শ্রমিক পেশাকে একটি স্বীকৃত পেশা হিসেবে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্যও কাজ করছে।
এই কর্মসূচি মূলত সেইসব তরুণ-তরুণীদের জন্য যারা তাদের অ্যাডভান্সড লেভেল পরীক্ষা সম্পন্ন করেছে, কিন্তু এখনও উচ্চশিক্ষা বা কোনো চাকরিতে যুক্ত হননি। কর্মসূচিতে তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করার জন্য প্রচার অভিযান চালাচ্ছে দেশটির সরকার। প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রার্থী শনাক্ত করতে বাছাই প্রক্রিয়াও চলছে।
কর্তৃপক্ষ মনে করছে, কর্মসংস্থানের অনিশ্চয়তার জন্য নির্মাণ খাতে আসতে মানুষ নিরুৎসাহিত হচ্ছে। এই খাতে সাধারণত প্রকল্পভিত্তিক কাজ হওয়ায় শ্রমিকদের মাঝেমধ্যেই বেকার বসে থাকতে হয়। তবে নতুন এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের নিয়মিত বেতন ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করে নির্মণ খাতে আরও স্থিতিশীল কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, অতীতেও শ্রীলঙ্কায় নির্মাণ খাতে তীব্র শ্রমিক সংকট দেখা গেছে। তবে সাইক্লোন দিতওয়াহের পর পুনর্গঠন কার্যক্রমে বড় পরিসরে আবাসন প্রকল্প গ্রহণ করা হয়। ফলে তখন শ্রমিকের চাহিদা হঠাৎ বেড়ে যায়।
১২ ঘণ্টা আগে