খনিজ সম্পদমন্ত্রী
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্য করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) তার সংসদীয় আসনে অসংখ্য মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, তিনি যথারীতি নামাজ, রোজা, হজ ও যাকাত পালন করে আসছেন। কিন্তু গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি আমির হামজা এমপি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী।’ পরবর্তীতে তার এ বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে জননেতা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সম্মানহানি হয়েছে।
অ্যাডভোকেট হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে গত ২ এপ্রিল শত কোটি টাকার মানহানি মামলা করি। এরপর আদালতের বিচারক সুমন ভুঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, মঙ্গলবার আদালতের নির্দেশ অনুযায়ী তিনি হাজির হননি। এতে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এ ছাড়াও একই ঘটনায় গত ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা করেছেন।
৩ ঘণ্টা আগে