প্রম্ন ফাঁস
এসএসসির প্রশ্ন ফাঁসের খবর গুজব, জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ও নিউজ পোর্টালে বাংলা প্রথম পত্রের সকল বোর্ডের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়েছে। তবে এটি গুজব এবং সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এ ধরনের মিথ্যা সংবাদে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকাসহ কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে তারা ।
এছাড়া, প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপপ্রচার কারো নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে