নতুন কুঁড়ি স্পোর্টস
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নতুন ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের ক্রীড়া খাতকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধনের মাধ্যমে সারা দেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেশজুড়ে তরুণ ক্রীড়া প্রতিভা গড়ে তোলার লক্ষ্য ও ভিশন তুলে ধরা হয়।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ শিরোনামের থিম সং পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর আবহ তৈরি করে। পরে বিকেএসপির শিক্ষার্থীরা উন্মুক্ত মাঠে ক্রিকেট, কাবাডি, ফুটবল, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলায় প্রদর্শনী পরিবেশন করে।
প্রধানমন্ত্রী উৎসাহের সঙ্গে খেলাগুলো উপভোগ করেন এবং শিক্ষার্থীদের করতালির মাধ্যমে উৎসাহ দেন।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করেছে সরকার।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর; তত্ত্বাবধায়নে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এটা একটি যুগান্তরকারী কর্মসূচি। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যত প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে। ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘এ আয়োজনের আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’
৩ দিন আগে