পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন।
এসব কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করছেন।
চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দীপেন দেওয়ান।
৮ ঘণ্টা আগে