অসদুপায়
রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে এইচএসসির পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের সচিব ও কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ তাদের বহিষ্কার করেন।
অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ জানান, আজ (বুধবার) কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এই কেন্দ্রে কালুখালী সরকারি কলেজ ও নুরনেছা স্কুল অ্যান্ড কলেজের ২৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বহিষ্কৃত পাঁচজন শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্রী এবং বাকি চারজন ছাত্র। তারা সকলেই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে তারা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বন করছিল। ইতোমধ্যে তাদের প্রবেশপত্র ক্লোজ করে বোর্ডে পাঠানো হয়েছে।
এদিন পরীক্ষা চলাকালীন আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।
ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর অতিরিক্ত জেলা প্রশাসকসহ আমরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলে পাঁচ পরীক্ষার্থীকে অসাধু উপায় অবলম্বন করতে দেখতে পাই। পরে কেন্দ্র সচিব কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ ওই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
তিনি আরও বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের সুযোগ নেই। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে।
১৩ দিন আগে