পাট রপ্তানি
পাট রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ ওয়ার্কিং গ্রুপ, হবে আন্তর্জাতিক জুট এক্সপো
পাটখাতের রপ্তানি সম্প্রসারণ এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি অচিরেই আন্তর্জাতিক মানের একটি ‘ইন্টারন্যাশনাল জুট এক্সপো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক সমন্বয় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ ঘোষণা দেন।
সভায় দুই মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ কর্মকর্তা, পাট অধিদপ্তর, পাটশিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পাটশিল্প পুনরুজ্জীবনে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাটখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সোনালি আঁশের’ সোনালি দিন ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনীর গুরুত্ব রয়েছে। এ খাতের উন্নয়নে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ উদ্যোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি পাট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং নতুন রপ্তানি বাজার সম্প্রসারণে দুই মন্ত্রণালয় ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
১৩ ঘণ্টা আগে