গণপূর্ত প্রতিমন্ত্রী
আগামী এপ্রিলে বরিশালে ক্যান্সার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
আগামী বছরের এপ্রিলে বরিশালে ক্যান্সার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় তিনি এ কথা জানান।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই সভা করা হয়েছে। আমরা দেখলাম, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে আরও ভালো কাজ করছে।’
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী বছরের এপ্রিলে বরিশালে ক্যান্সার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে। আর ডিসেম্বরের মধ্যে নভোথিয়েটারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোহেল মঞ্জুর বলেন, অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। এরই মধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের কালক্ষেপণ হবে না। প্রতিটি কাজের গুণগত মান যেন ঠিক থাকে, সে বিষয়ে আমরা সজাগ আছি।’
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান নিয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন।
এছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা সভায় অংশ নেন।
২ দিন আগে
উন্নয়নকাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ‘ব্ল্যাকলিস্টেড’ করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, সততা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে কিংবা প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, প্রকল্পের কাজ সুষ্ঠু ও সততার সঙ্গে হচ্ছে কি না, তা পরিদর্শনের জন্য কর্তৃপক্ষের প্রতিনিধিদলের পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমেও যাচাই করা হবে। উন্নয়ন কাজে কোনরূপ অনিয়ম পরিলক্ষিত হলে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাকলিস্টেড (কালো তালিকাভূক্ত) করা হবে।
পাশাপাশি, ঠিকাদারি ও নির্মাণ কাজে যাতে কোনোরকম অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সচেতন করেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে দূর্নীতিমুক্ত করে নতুনভাবে সাজাতে কম মুনাফায় সবোর্চ্চ মান ঠিক রেখে প্রকল্পের কাজ নিদির্ষ্ট সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা।
৫৩ দিন আগে