নিউরোসায়েন্সেস হাসপাতাল
মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসাক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসার মান উন্নয়নের জন্য রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতি ও শ্রদ্ধাপূর্ণ আচরণ অত্যন্ত জরুরি।
তিনি স্পষ্ট করে বলেছেন, প্রযুক্তি হয়তো রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধনের পর উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ জনবল, সুশাসন এবং সহানুভূতির সমন্বয়ে সবার জন্য সুগম, সাশ্রয়ী ও মানসম্পন্ন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উচিত রোগীদের কথা মন দিয়ে শোনা, তাদের মানসিক অবস্থা বোঝা এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে চিকিৎসা দেওয়া।
ডাক্তার ও রোগীদের সম্পর্ক বিষয়ে তিনি গুরুত্বারোপ করে বলেন, চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বেগাকুল স্বজনদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থাকা আবশ্যক।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘চিকিৎসকরা যদি নিরাপদ বোধ না করেন, কিংবা রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে ডাক্তারদের প্রতি আস্থা না থাকে—তবে হাসপাতালের পরিকাঠামো আমরা যত উন্নতই করি না কেন, জনগণকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া থেকে ঠেকানো সম্ভব হবে না।’
২ ঘণ্টা আগে
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশে নিউরো বা স্নায়ুরোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় তিনি নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে এখন ১ হাজার। এতে করে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হলো।
৩ ঘণ্টা আগে