দ্য বাংলাদেশ সুন্দরবন
‘দ্য বাংলাদেশ সুন্দরবন’ বইয়ের মোড়ক উন্মোচন, অনুষ্ঠানে সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ
সুন্দরবনের প্রাকৃতিক ঐতিহ্য ও বন্যপ্রাণী সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এনায়েতুল্লাহ্ খানের ‘দ্য বাংলাদেশ সুন্দরবন’ বইয়ের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন (সফ্ট লঞ্চ) করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কসমস সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সারফিন মেটা ডিজিটাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. ইয়ানান উ। এছাড়া বন্যপ্রাণী বিশেষজ্ঞ, পরিবেশকর্মী, আলোকচিত্রী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।
কসমস বুকস প্রকাশিত বইটির দ্বিতীয় সংস্করণে দুটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, প্রাকৃতিক ইতিহাস এবং বনের ওপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
এদিন ওয়াইল্ডটিমের মূল পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ওয়াইল্ডটিমের প্রতিষ্ঠাতা এনায়েতুল্লাহ্ খান, সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ, বন্যপ্রাণী আলোকচিত্রী ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম আল হক অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিনিয়োগ ও ফিনটেক ব্যক্তিত্ব ড. উ।
অনুষ্ঠানে ড. উ বলেন, ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় গৃহীত এই অর্থপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। মানুষ, বাঘ ও প্রকৃতি কীভাবে পরস্পরের সঙ্গে সহাবস্থানে থেকে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, বিশ্ববাসীর সামনে সুন্দরবন তার এক অনন্য উদাহরণ হয়ে উঠতে পারে।
১৭ ঘণ্টা আগে