মেট্রোরেল প্রকল্প
আড়াই লাখ কোটি টাকার ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন
প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন এমআরটি লাইন-৫ দক্ষিণ রুটসহ তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে নতুন প্রকল্প হিসেবে এমআরটি লাইন-৫ দক্ষিণ রুট এবং জাপানের অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ উত্তর রুটের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
নতুন এমআরটি লাইন-৫ দক্ষিণ রুট গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।
রুটটির ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ ভূগর্ভস্থ হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রুটটি রাজধানীর টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর, নাসিরাবাদ হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে।
এমআরটি লাইন-১-এর ব্যয় বেড়েছে ১১৭.৬৪ শতাংশ
এমআরটি লাইন-১-এর সংশোধিত ব্যয়ও অনুমোদন করেছে একনেক। ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে।
২০১৯ সালে অনুমোদিত প্রকল্পটির মূল ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। এবার সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৬ লাখ টাকা বা ১১৭ দশমিক ৬৪ শতাংশ।
সংশোধিত প্রস্তাবে সরকারি অর্থায়ন বেড়ে ৩০ হাজার ৫৫২ কোটি ২৬ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ বেড়ে ৮৩ হাজার ৮৪২ কোটি ৬৩ লাখ টাকা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির সময় নকশা ও দরপত্র প্রস্তুতিতে বিলম্ব এবং দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের জটিলতার কারণে ব্যয় বেড়েছে।
বিস্তারিত নকশায় পরিবর্তনের মধ্যে স্টেশনের আয়তন বৃদ্ধি, স্টেশনের প্রবেশপথ, বের হওয়ার পথ ও ভেন্টিলেশন শ্যাফটের স্থান পরিবর্তন, তিনতলা রাজাবাগ স্টেশন নির্মাণ এবং নির্মাণকাজের সময় যান চলাচল ব্যবস্থাপনার জন্য প্রায় ২০ কিলোমিটার ডিট্যুর সড়ক নির্মাণের বিষয় রয়েছে।
৪ ঘণ্টা আগে