বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা
তুরস্কের ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ইস্তাম্বুলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরে তাকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছিল ফ্লাইটটি।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
৫ ঘণ্টা আগে
আনতালিয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি আরও বলেন, সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি আনতালিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল ৪টা ৫ মিনিটে এটি আনতালিয়া বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ সোমবার আনুষ্ঠানিকভাবে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে তার কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথাও রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র সচিব বলেন, এ সফরে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এছাড়া সম্মেলনের ফাঁকে বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সালাহউদ্দিন নোমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।
অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে।
এছাড়া সম্মেলনের গ্রিন জোনে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।
সম্মেলনের ফাঁকে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসার নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এসব আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি ও কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের সুযোগের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
১২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি ১৩ নভেম্বর ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সফরে ৭ রাষ্ট্র-সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের পাশাপাশি নিউইয়র্কে চার কর্মদিবসে তুরস্ক, ইরান, পাকিস্তানসহ সাত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সাত নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আমে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
ইউএনজিএতে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী এসব নেতার সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হয়েছে।
তারেক রহমান মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ডের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেইদ রাদ আল হুসেইন ও গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গেও বৈঠক করেন।
৪৫ দিন আগে