ফরেনসিক পরীক্ষা
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের ফোনের ফরেনসিক পরীক্ষা হবে
নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সন্দেহে রাজধানীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জাসদ কার্যালয়ে একটি রাজনৈতিক দলের সমাবেশ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ জন নেতাকর্মীকে আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কার্যালয়ে আলাপ-আলোচনা করতে অনুমতি লাগে না। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোকজন জড়ো হয়েছে এবং নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, সেই তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ যায় এবং অনেককে আটক করে।
সালাহউদ্দিন আহমদ জানান, জিজ্ঞাসাবাদের পর ২৫০ জনের মতো আটক ছিল। ২৭ জন বাদে পুলিশ সবাইকে ছেড়ে দিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মোবাইল ফোনের ফরেনসিক এবং অন্যান্য বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। যদি নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে।
কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৪ ঘণ্টা আগে