মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
পদত্যাগের ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাকের
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা-৬ আসনের বিএনপির এই সংসদ সদস্য।
মাদকবিরোধী অভিযানে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার দুই দিন পর তিনি এ সিদ্ধান্ত জানালেন।
ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার বিকেলে অভিযানটির একটি ভিডিও প্রকাশ করা হয়, যা দেশজুড়ে বিতর্কের জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনের পাশে মাদকবিরোধী অভিযান চলাকালে হাতে মাইক ও পিস্তল নিয়ে গাড়ি থেকে নামছেন ইশরাক। এরপর একদল লোককে ধাওয়া করেন তিনি। একপর্যায়ে কয়েকজনের দিকে অস্ত্র তাক করে তাকে ‘এই ধর ধর ধর...’ বলে চিৎকার করতে দেখা যায়।
পরদিন দেওয়া এক বিবৃতিতে ইশরাক বলেন, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় শনিবার মাদকবিরোধী অভিযান চলাকালে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়ে সতর্কবার্তা পাওয়ার পর আত্মরক্ষার্থে তিনি অল্প সময়ের জন্য নিজের বৈধ আগ্নেয়াস্ত্রটি উঁচু করেছিলেন।
ইশরাকের ভাষ্য, তাদের গাড়িবহর সন্দেহভাজন একটি মাদক বিক্রির আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জনের একটি দল আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে। এ সময় তিনি ও তার নিরাপত্তাকর্মীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচু করেন।
প্রতিমন্ত্রী বলেন, হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য খুব অল্প সময়ের জন্য অস্ত্রটি উঁচু করা হয়েছিল। সম্ভাব্য হুমকি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই অস্ত্রটি সরিয়ে রাখা হয় বলেও জানান তিনি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রবিবার জানান, ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ইশরাক। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
৩ ঘণ্টা আগে