ধর্মের সম্প্রীতি
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
সব ধর্মের মানুষকে একসঙ্গে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে যাওয়ার পথে পাগলাপীর মোড়ে সড়কের পাশে আয়োজিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ যেমন এক হয়ে দেশকে স্বাধীন করেছিল, তেমনি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরও বলেন, আসুন, আজকে আমরা প্রতিজ্ঞা করি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, এ দেশ আমাদের সবার। আমরা সবাই মিলে পরিশ্রম করে দেশকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
এর অংশ হিসেবে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের ধর্মীয় ব্যক্তিদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণি- পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তিনি চান, সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করুক।
এর আগে সামরিক উড়োজাহাজে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানাতে তারাগঞ্জ, পাগলাপীরসহ সড়কের দুই পাশে বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থক জড়ো হন।
প্রধানমন্ত্রী গাড়িবহর থেকে তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ওই দুই জায়গায় সংক্ষিপ্ত বক্তব্য দেন।
৩ ঘণ্টা আগে