আখচাষি
৩৮,৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ নামে পরিচিত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক জনসভায় ডিজিটাল বোতাম চেপে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ১৫ জন আখচাষিকে চেক প্রদান করেন তিনি।
বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তারেক রহমানকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা।
এর আগে বেলা ২টা ৫৫ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
রাজশাহীতে কর্মসূচি শেষ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে ঢাকা থেকে সামরিক উড়োজাহাজে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। উড়োজাহাজটি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে