কিশোরগঞ্জ-মহাখালী রুট
মালিকপক্ষের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ
পরিবহন মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী (ঢাকা) রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সমিতির নেতারা জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তারাও সম্মতি দেন।
তাদের অভিযোগ, কিশোরগঞ্জের মালিকরা পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস সড়কে নামালেও ঢাকার মালিকরা পুরোনো বাস পরিবর্তন করেননি। বরং অতিরিক্ত আরও দুটি বাস এ রুটে যুক্ত করেছেন।
এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। তবে গতকাল (শনিবার) দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
এরই পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে বেসরকারি কোম্পানির সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতি।
বাস চলাচল বন্ধের তালিকায় রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি ও উজানভাটির ৩০টি বাস।
এতে কিশোরগঞ্জ ও ঢাকার মধ্যে যাতায়াতকারী যাত্রীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
১৪ ঘণ্টা আগে