লাটভিয়া
লাটভিয়া থেকে ফিরল সোহেল রানার দেহ
মানব পাচারকারী চক্রের অমানবিক নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় নিহত সোহেল রানার (৪৫) দেহ দেশে ফিরেছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় মরদেহটি ঝিনাইদহে গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
নিহত সোহেল রানা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় রামচন্দ্রপুর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের শ্বশুর আলফাজ উদ্দীন জানান, ইতালি পাঠানোর নামে মানব পাচারকারী চক্র সোহেলের ওপর অমানবিক নির্যাতন চালায়। গত ৭ অক্টোবর লাটভিয়া ও বেলারুশ সীমান্তের একটি জঙ্গল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
পরদিন ৮ অক্টোবর লাটভিয়ার লাতগালে অঞ্চলের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর ১২ অক্টোবর ক্ষুদে বার্তায় পরিবারকে সোহেলের মৃত্যুর সংবাদ জানায় পোল্যান্ড পুলিশ।
গত ১৭ অক্টোবর নিহতের স্ত্রী জেসমিন সুলতানা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ৯ জনকে আসামি করে মামলা করেন। আদালত ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
১৪ ঘণ্টা আগে