তাহসিফ সাউরি
সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী রিমান্ডে
সিসিটিভি ফুটেজে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে দেখা যাওয়া জেরিকা তাসনিম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১ নভেম্বর) পুলিশ তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
পরিদর্শক ফিরোজ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ২৭ অক্টোবর রাতে দিশা তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। এছাড়া তারা কয়েকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও গিয়েছেন। একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে।
তাহসিফের মোটরসাইকেলে করে দিশা বিভিন্ন স্থানে যাতায়াত করতেন বলেও জানান তদন্ত কর্মকর্তা।
তাহসিফের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করেও দেখা গেছে, তিনি দিশার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন।
এর আগে রবিবার রাত ২টার দিকে কাফরুলের নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকেও চার দিনের রিমান্ডে পাঠান আদালত।
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। এর আগে ২৮ অক্টোবর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
২ দিন আগে
তুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
ঢাকার তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিকেলে নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিদর্শক ফিরোজ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।
উত্তরখান থানার ডিউটি অফিসার শাহিনুর জামান বৃহস্পতিবার সকালে জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় তাদের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি নিয়ে গেছেন।
ফিরোজ উদ্দিন জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিফ সাউরির পরনে ছিল সাদা পায়জামা ও কালো শার্ট। তার হাতে একটি হাতঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ছড়িয়ে পড়া একটি ভিডিও তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
৫ দিন আগে