মজুরি কার্যকর
ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর, বাড়তি বেতন জানুয়ারি থেকে
পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরে কার্যকর হবে। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন।
বুধবার (৪ নভেম্বর) তৈরি পোশাকশ্রমিকদের জন্য পুনর্গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ সময়সূচি জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার যৌথভাবে এ ঘোষণা দেন।
নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করেন।
পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বাড়ানোর দাবিতে ধারাবাহিক উচ্চপর্যায়ের আলোচনার মধ্যে পুনর্গঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হলো।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের নিজ নিজ মজুরি প্রস্তাব জমা দেবেন।
বোর্ডের নিরপেক্ষ সদস্য একটি প্রস্তাব জমা দেবেন বলেও জানান চেয়ারম্যান। এরপর প্রস্তাবিত মজুরির হার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
এর আগে গত রবিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে যথাক্রমে মালিক ও শ্রমিকদের প্রতিনিধি করা হয়েছে।
একই দিনে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে যথাক্রমে মালিক ও শ্রমিকপক্ষের খাতভিত্তিক প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে বদলি করে। একই সঙ্গে সৈয়দ আজাদ সুবহানীকে তার স্থলাভিষিক্ত করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে তৈরি পোশাক খাতের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠক শেষে দেশের প্রধান জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের মাহমুদ হাসান খান বলেন, মজুরি বোর্ডের সময়সূচি দ্রুত ঘোষণা করা হলে পোশাকশ্রমিকরা আশ্বস্ত হবেন এবং এ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
৩ ঘণ্টা আগে