প্রধানমন্ত্রীর সফর
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাটে দিনব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর
নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে বাগেরহাটের মোংলায় যাবেন। পরে সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি ও খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা শহরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মোংলায় কর্মসূচি শেষ করে তারেক রহমান সড়কপথে খুলনায় যাবেন এবং খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন।
দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
তার সফরকে সামনে রেখে খুলনা নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার প্রচারে জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়কে লাগানো হয়েছে রঙিন ব্যানার ও ফেস্টুন।
শিববাড়ী মোড় থেকে রেলওয়ে স্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে খুলনার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে গ্রাফিতিও আঁকা হয়েছে। এসব গ্রাফিতিতে জায়গা পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি।
সরকারপ্রধানদের আগের সফরগুলোর মতো এবার নগরী রাজনৈতিক নেতাকর্মীদের লাগানো স্বাগত তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায়নি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থাপন করা তোরণ ও বিলবোর্ডের পাশাপাশি দলীয় ব্যানার ও ফেস্টুনও সরিয়ে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছি।’
১ ঘণ্টা আগে