অর্থনৈতিক কেন্দ্র
মোংলা বন্দর সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে, আশা প্রধানমন্ত্রীর
মোংলা বন্দর আধুনিকায়নের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নের নতুন সুযোগ তৈরি হবে এবং বন্দরটি এ অঞ্চলের সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মোংলা বন্দর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক হাব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা সম্ভব বলেও জানান তিনি।
মোংলা বন্দর আধুনিকায়নকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তারেক রহমান।
এ লক্ষ্য অর্জনে বন্দরের নাব্যতা, নির্ভরযোগ্য নৌপথ, জাহাজ চলাচলের নিরাপত্তা ও প্রতিযোগিতামূলক বন্দরসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত সড়ক যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি বন্দরের সরবরাহব্যবস্থা ও পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে চায়।
তিনি আরও বলেন, খান জাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও পরিচালনাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
৫ ঘণ্টা আগে