শাহ মখদুম বিমানবন্দর
রাজশাহীতে বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী ফুলগাছের মাঝে গ্রেনেডগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজিউর রহমান বলেন, শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেছেনন বলেও জানান তিনি।
এদিকে একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নিরাপত্তার স্বার্থে তাকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফটকটি বন্ধ করে দেন।
এ সময় বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে বিমানবন্দরের মসজিদ গেট ব্যবহার করা হয়।
গ্রেনেডগুলো কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
১ দিন আগে