আনতালিয়া
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী ড. সর্দার শ্যাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেই সঙ্গে দুই শিশু প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এছাড়া বিমানবন্দরে সুসজ্জিত একটি কন্টিনজেন্ট প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করলে তিনি অভিবাদন গ্রহণ করেন।
সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
এছাড়া অন্য সফরসঙ্গী ও ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে