মাদরাসাশিক্ষক
১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা: মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসার পরিচালক ও শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণার জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর মদন উপজেলার একটি মাদরাসার পরিচালক ও শিক্ষক। এ মামলার অপর আসামি সাগরের বড় ভাই আইমান ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায়ে বলা হয়েছে, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক—সব ক্ষেত্রে জন্ম নেওয়া শিশুটি তার বাবা ও মায়ের পরিচয়ে পরিচিত হবে। বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। পরবর্তী সময়ে দণ্ডিত আসামির সম্পত্তি থেকে এসব ব্যয় আদায় অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনাও দিয়েছেন আদালত।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, মদন উপজেলার একটি মাদরাসায় পড়াশোনা করত শিশুটি। ওই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক সাগর বিভিন্ন সময়ে মাদরাসায় শিশুটিকে ধর্ষণ করেন।
একপর্যায়ে তার শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় সাগরের পাশাপাশি তার ভাই মামুন মিয়াকেও আসামি করা হয়। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আত্মগোপনে থাকা সাগরকে গ্রেপ্তার করে র্যাব।
এরপর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি একটি মেয়েশিশুর জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে নবজাতক ও মামলার প্রধান আসামি সাগরের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়।
আগস্টে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
এরপর ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান সাগর ও মামুন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
৩ ঘণ্টা আগে