চট্টগ্রাম
চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জন নিহত
চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে ৪ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে মহানগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় ঘটনা দুটি ঘটে।
মহানগরীর কদমতলীতে নিহত দুজন হলেন নির্মাণশ্রমিক সাকিব ও হৃদয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলার সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় আটকা পড়ে শ্বাসরোধে দুই শ্রমিক নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আরও দুই শ্রমিক নিহত হন।
নিহতরা হলেন— হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। প্রদীপ বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে নেমে সমীরণও গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, পিটুনিতে অভিযুক্ত নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ তার মা ও ছোট বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক বোনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামের এক যুবককে আটক করেন স্থানীয়রা। তাদের সংঘবদ্ধ পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। তবে কী কারণে ঘটনা ঘটেছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা বলতে পারেনি কেউ।
সংঘবদ্ধ পিটুনিতে আহত হয়ে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার সদর হাসপাতালে মারা গেছেন। সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হয়েছে।
নিহতরা হলেন— মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে ঢাবি শিক্ষার্থী সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে রায়পুরের ওই বাসায় ভাড়া থাকতেন।
আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা অন্তর মজুমদার নামের ঘাতক যুবককে সংঘবদ্ধ পিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘাতককে আটক করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত অন্তর কয়েক মাস আগে একই ভবনের আরেকটি বাসায় ভাড়া থাকতেন। তিনি ফল বিক্রেতা ছিলেন।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত যুবককে সংঘবদ্ধ পিটুনি দিয়েছে জনতা। তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, তবে সেখানে তারও মৃত্যু হয়েছে বলে জেনেছি।
ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে তা জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
১ দিন আগে
ফেনীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, পথচারীসহ নিহত ২
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এ সময় দুই পথচারীকে চাপা দিয়ে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা চালক ও তার ছেলেও আহত হন। দুর্ঘটনায় চালকের ছেলেসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মীর হোসেন (৪৫) ও আহসানুল হক (১৫)। এর মধ্যে মীর হোসেন পথচারী এবং আহসানুল হক পিকআপ ভ্যানের চালক সিদ্দিকুর রহমানের ছেলে ছিলেন।
পুলিশ জানায়, নিহত মীর হোসেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছার এলাকার বাসিন্দা ছিলেন। আহসানুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির জেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের শিকদার খিল গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালক সিদ্দিকুর ও তার ছেলেও আহত হন। আহত অবস্থায় দুই পথচারীসহ চারজনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পথচারী মীর হোসেন ও চালকের ছেলে আহসানুল হককে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিদের একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক সিদ্দিকুর রহমানকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা (ইএমও) মোহাম্মদ শহীদ বলেন, দুর্ঘটনায় কিশোরটির মাথা ও উরুতে জখম হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ দিন আগে
গ্রেপ্তারের এক দিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
গ্রেপ্তারের এক দিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যুর বিষয়টি জানায় কারাগার কর্তৃপক্ষ।
অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, মৃত নূরুল আলমের বড় বোন বকুলি বেগম ও ভগ্নিপতি অভিযোগ করেন, ‘রাজনৈতিক কারণে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়নি। ব্যবসায়িক কারণে এলাকার একটি চক্র পরিকল্পিতভাবে নুরুল আলমকে গ্রেপ্তার করিয়েছে। তাকে আটকের পর ডিবি পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এর আগেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা হয়েছিল। আমারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ভাই হত্যার বিচার চাই।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, গতকাল (মঙ্গলবার) বিকেলে একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ (বুধবার) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২ দিন আগে
বিরোধের জেরে রাস্তা বন্ধ, চাঁদপুরে অবরুদ্ধ শিক্ষক পরিবার
জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে টানা তিন মাস ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের এক শিক্ষক পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে পুকুরের পাড় ঘেঁষে ঝুঁকি নিয়ে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে পরিবারের শিশুসহ সব সদস্যদের।
এ ঘটনা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারী বাড়িতে।
রবিবার (২২ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমি বিরোধকে কেন্দ্র করে চলাচলের পথে প্রতিপক্ষের দেওয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়ার কারণে কার্যত ঘরবন্দী হয়ে পড়েছে এ পরিবারটি।
ভুক্তভোগী শিক্ষিকা তাছলিমা সুলতানা জানান, তিনি সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। তার স্বামী মো. রাসেল হোসেন সরকারি চাকরির সুবাদে ঢাকায় কর্মরত রয়েছেন। তাদের স্কুল পড়ুয়া ৩টি সন্তান রয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথ জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে স্বাভাবিকভাবে বাড়িতে প্রবেশের সুযোগ না থাকায় অমানবিক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
তাছলিমা সুলতানা বলেন, ‘সারা দিন বিদ্যালয়ে কোমলমতি শিশুদের পাঠদান শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরি। কিন্তু নিজের ঘরে প্রবেশের কোনো স্বাভাবিক পথ নেই। দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তায় কাঁটা ও বাঁশের বেড়া দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে অমানবিক ও ঝুঁকিপূর্ণ উপায়ে প্রতিদিন বাড়িতে প্রবেশ করতে হচ্ছে। একজন শিক্ষক ও সাধারণ মানুষের ওপর এমন অন্যায় ও সামাজিক নির্যাতনের বাস্তব চিত্র না দেখলে কেউ এটা উপলব্ধি করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘শুধু আমাকেই নয়, আমার ছোট ছোট সন্তানদেরও একইভাবে পুকুরে নেমে বাড়িতে যেতে হয়। সারা দিন বাচ্চাদের পড়ানো শেষে যখন বাড়ি ফিরি, তখন নিজের ঘরে ঢুকতেও অন্যের অত্যাচার সহ্য করতে হয়। একজন শিক্ষিকা হয়ে আমি আজ নিজ ভূমিতে অবরুদ্ধ ও অসহায়।’
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে, গত ১৬ জুন তাছলিমা সুলতানা বেড়া পার হয়ে ঘরে প্রবেশ করতে গেলে প্রতিপক্ষের লাসমিন আক্তার দা নিয়ে তাকে আক্রমণের চেষ্টা করেন এবং সোহেল হোসেন প্রকাশ্যে কোপানোর হুমকি দেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এবং থানায় অভিযোগ ও মামলা করেছেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে রেখেছে এবং পরিবারটিকে নিয়মিত ভয়ভীতি ও মানসিক হয়রানি করছে।
এদিকে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দীন বলেন, বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে আমাদের কাছে কেউ আসেও নাই। থানায় এসে আমাদের বিস্তারিত জানালে, অভিযোগ দিলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে।
ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেছেন, তিনি এ ব্যাপারে চেষ্টা করছেন। কিন্তু সমাধানে আসতে পারেননি।
ইউএনও সেটু কুমার বড়ুয়া জানান, সমস্যাটি নিয়ে এলাকার চেয়ারম্যানও সমাধান করতে ব্যার্থ হয়েছেন। আমি উভয় পক্ষকে ডেকেছি । আশাকরি বিষয়টি সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, আইনত প্রকৃতপক্ষে চলাচলের পথ কেউ আটকাতে পারে না।
মানবিক দিক বিবেচনা করে চলাচলের পথটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর প্রতিবেশীসহ আশপাশের সবাই।
৪ দিন আগে
চট্টগ্রাম বন্দরের আরটিজি ক্রেনে আগুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একটি আরটিজি ক্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৪ নম্বর বার্থে থাকা আরটিজি-৪০১৪ ক্রেনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সমন্বিত চেষ্টায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, দুপুর আড়াইটায় এনসিটির দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে থাকা আরটিজি-৪০১৪ ক্রেনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
তিনি বলেন, পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
৪ দিন আগে
জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা: আসামি আইয়ুব আলী গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র্যাব সদস্য হত্যা মামলার আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানাধীন লয়েল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সোমবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭।
গ্রেপ্তার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য নিহতের মামলার আসামি আইয়ুব আলী চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লয়েল রোড এলাকায় অবস্থান করার খবর পাওয়া যায়। পরে সেখানে নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। ২০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে অপর আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করে র্যাব-৭।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপ-সহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলায় একই সময়ে তিন র্যাব সদস্য আহত হন।
এই র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, অজ্ঞাত আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে।
৪ দিন আগে
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় অন্যতম হোতা মো. আইয়ুবকে (৪৫) রাঙামাটি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২০ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার বাসিন্দা।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, একজন আসামিকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে গেছে র্যারের টিম ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর মিডিয়া সেল জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানানো হবে।
স্থানীয়রা জানান, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারণ বিক্ষোভে নামেন। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করে। এরপর থেকে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয়।
তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র্যাব জানতে পারে, হত্যাকাণ্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। অবস্থান নিশ্চিত হওয়ার পর রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন র্যাব সদস্যরা।
মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা করা হয়েছে। গত ১৫ জুন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।
৫ দিন আগে
আড়াই ঘণ্টা বিঘ্ন থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ফেনী রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এর ফলে অন্তত ৮০০ যাত্রী আটকা পড়েন।
শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
রেলওয়ে সূত্রের বরাতে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২২ মিনিটে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্যমতে, ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে মোটরে আগুন লাগার মতো লক্ষণ দেখা দিলে কর্তৃপক্ষ ট্রেনটিকে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে দিতে বাধ্য হয়।
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় নারী, শিশু এবং বয়স্ক যাত্রীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করেন।
লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক জানান, তিনি সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনে উঠেছিলেন এবং ফেনী স্টেশনে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। তবে অনেক যাত্রীই ট্রেন ছেড়ে সড়কপথে বিকল্প মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্টেশন মাস্টার হারুন জানান, ইঞ্জিনের ত্রুটি মেরামত এবং ইঞ্জিন প্রতিস্থাপনের পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
৬ দিন আগে
বোনের কুলখানি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত
কুমিল্লার হোমনায় বড় বোনের দাফন-কাফন ও চারদিন পরে কুলখানি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুইজনসহ মোট তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা-হোমনা সড়কের সিনাইয়া এলাকায় বিএডিসি হিমাগার-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপ মিয়া মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের বাসিন্দা ছিলেন।
আহতরা হলেন— নিহতের ছোট বোন হনুফা বেগম (৫০), ভগ্নিপতি বাবুল মিয়া (৫৫) এবং মালবাহী অটোরিকশারচালক মো. তানভীর (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার সানারপাড় এলাকায় বড় বোনের কুলখানি শেষে বাড়ি ফিরতে তারা বাসে করে দাউদকান্দির গৌরীপুরে নামেন। সেখান থেকে তারা সিএনজিচালিত অটোরিকশায় হোমনা সদর হয়ে মুরাদনগরের উদ্দেশে রওনা দেন। পথে সিনাইয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী অটোরিকশার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রূপ মিয়া নিহত হন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ জানান, রূপ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হনুফা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
৮ দিন আগে