প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা আরও কার্যকর করতে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
তিনি বলেন, বৈঠকে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের পাশাপাশি প্রশাসনিক প্রয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
নতুন উপজেলা তিনটি হলো: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা। এছাড়া চট্টগ্রামের হালদা নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে।