বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
পাশাপাশি তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসির শীর্ষ পদে মাসুদ খানের নাম চূড়ান্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনরত মাসুদ খানকে বিএসইসি আইন, ১৯৯৩-এর ৫(২) ধারা অনুযায়ী চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে ক্রাউন সিমেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের চাকরি ও পেশাগত সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিতে হবে। চেয়ারম্যান হিসেবে তিনি সরকারের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মাসুদ খান বহুজাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক এবং প্রতিষ্ঠানটির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ছিলেন। এর আগে প্রায় দুই দশক ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে বিভিন্ন আর্থিক ও নেতৃত্বমূলক পদে কাজ করেন।
মাসুদ খান চার দশকেরও বেশি সময় ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইক্যাব) সঙ্গে শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন।
তিনি ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। ১৯৭৭ সালে অল-ইন্ডিয়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষায় রৌপ্যপদক লাভ করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইনস্টিটিউট অব সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের ফেলো।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২১ মাস দায়িত্ব পালন শেষে আজ বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই মাসুদ খানের নিয়োগের ঘোষণা এল।
এর আগে, গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ পাস হয়। নতুন আইনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আগের ৬৫ বছর বয়সসীমা বাতিল করা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় অধিক অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের নিয়োগের সুযোগ তৈরি করতেই এই সংশোধনী আনা হয়েছে।