নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরিচর্যার জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসব বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এছাড়া তাদের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে।
শিক্ষার্থীদের শ্বাসনালি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণে শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হওয়ায় তাদের শ্বাসকষ্ট হচ্ছিল।
এম এ মুহিত বলেন, মাদরাসাটি দ্বিতীয় তলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এর ওপরের তলায় শিক্ষার্থীরা ছিল। ওপরের দিকে ব্যাপকভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। ধোঁয়ার কারণে শ্বাসনালির ক্ষতি ও আতঙ্কজনিত মানসিক আঘাত—সব মিলিয়ে তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আসে।
চিকিৎসার অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা শুরু থেকেই অত্যন্ত যত্নসহকারে তাদের চিকিৎসা দিচ্ছেন। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেক রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘অনেকেই মোটামুটি সুস্থ হয়ে উঠছে। আশা করছি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও ৩০ জনকে ছাড়পত্র দিতে পারব। বাকিরাও এখন পর্যন্ত ভালো আছে।’
আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের যথাযথভাবে নিবিড় পরিচর্যা করা হচ্ছে। তারাও সুস্থ হয়ে উঠবে।
এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে উল্লেখ করে প্রতিমন্ত্রী এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন তিনি।
মাদরাসায় আগুন লাগার কারণ সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বশেষ যেটুকু শুনেছি, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও বলা হয়নি। তবে প্রশাসনিক অংশ ও লাইব্রেরিতে শর্টসার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
এর আগে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরিটি পুড়ে যায়।
এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়, যার মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার শিক্ষার্থীকে আইসিইউতে রাখা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।