রাজধানীর মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মিরপুরের দিয়াবাড়ি এলাকার নবাবেরবাগে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়।
তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মরদেহগুলো উদ্ধারের পর শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।