দ্বিতীয় দিনের মতো বিএনপি আয়োজিত সংসদ সদস্যদের (এমপি) জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজকের কর্মসূচিতে ঢাকাসহ তিন বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছেন।
শনিবার (৭ মার্চ) দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টায় কর্মশালার সমাপনী দিনের সকালের অধিবেশন উদ্বোধন করেন। অধিবেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন।
বিকেলের সমাপনী অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুকসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান গতকাল (শুক্রবার) এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রথম দিনে সকালের অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন এবং বিকেলের অধিবেশনে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য এতে যোগ দেন।
আসন্ন সংসদ অধিবেশনের জন্য নিজেদের সংসদ সদস্যদের প্রস্তুত করতে বিএনপি এই কর্মশালার আয়োজন করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং অভিজ্ঞ সংসদ সদস্যরা সংসদকে কার্যকর করতে এমপি এবং মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করছেন।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, এই কর্মশালায় সংসদ সদস্যদের কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিলের ওপর বিতর্কে অংশ নিতে হয়, নিজ নিজ নির্বাচনি এলাকার সমস্যাগুলো সংসদে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হয় তা শেখানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ সকাল ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, নির্বাচনে বিএনপির ২০৯ জন এমপির মধ্যে ১৪৬ জনই এবার প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব করছেন।