খুলনার লবণচরা থানার আলোচিত ট্রিপল মার্ডারের অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা থানার পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল।
বিসমিল্লাহ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড কবি নজরুল সড়কের বাসিন্দা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে আমরা জানতে পারি আসামি বিসমিল্লাহ টুটপাড়া দারোগার বস্তিতে অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিসমিল্লাহ দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডারের আসামি ছিলেন বলেও জানান ওসি।
ট্রিপল মার্ডারের তদন্ত কর্মকর্তা ও লবণচার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইউসুফ আলী জানান, তিন খুনের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদসহ আরও কয়েকজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে বিসমিল্লাহর নাম বলেছেন। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে। এর আগে তিনি খুলনা থানায় জিজ্ঞাসাবাদে ট্রিপল মার্ডারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুব শীঘ্রই এ মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।