ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষিপ্ত বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে নাওজোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, বেশির ভাগ কারখানা খুলে দেওয়ায় এদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে বিভিন্ন কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব কারখানার বেশির ভাগ শ্রমিক নিরাপদে বাসায় ফিরে যান।
তবে সকাল ৯টার দিকে নাওজোড় এলাকায় কিছু শ্রমিক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেন।
এছাড়া চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকাতেও বিক্ষিপ্ত আন্দোলনের খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তারা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। তবে ভাঙচুর বা সহিংসতা চান না তারা। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান।
এদিকে শ্রমিকের ছদ্মবেশে দুর্বৃত্তরা যাতে সহিংসতা ঘটাতে না পারে, সে জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির শীর্ষ নেতাদের অভিযোগ, সহিংস আন্দোলনের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।