চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।
আটক ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) ভোরে শিবগঞ্জ থানার একদল পুলিশ কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ইদুল আলীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত আরও চার থেকে পাঁচজন সহযোগীর তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ ।