নেত্রকোণার পূর্বধলায় ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গুলির ঘটনায় আবু বকর সিদ্দিকের নাম এসেছে। তার নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। অস্ত্র উদ্ধার ও তাকে আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তাকে আটক করা সম্ভব হবে।