পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ওই কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
গ্রামীণ ব্যাংকের পাবনা শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে তারা কার্যালয়ের জানালার কাচ ভেঙে ফেলে এবং চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মচারী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আসাদুজ্জামান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।